প্রভাবশালীর দখলে সরকারি খাল, পানির সংকটে শত পরিবার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২০:১৮

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশুরীবুনিয়া গ্রামে সরকারি খালের উপর স্থাপনা নির্মাণ করে পানি সংকটের সৃষ্টি করা হয়ছে। গ্রামের প্রভাবশালী একটি পরিবারের বিরুদ্ধে খাল ভরাট করে এ সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। 

এলাকাবাসীর অভিযোগে, খাল ভরাট করায় জোয়ার-ভাটার প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে পানি পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এই পানি আর ব্যবহার করা যাচ্ছে না। প্রায় ১ বছর ধরে এ সমস্যা চলছে। সমস্যা সমাধানে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর খালটি পুনঃখননের জন্য জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় শাহজাদা জমাদ্দার, বাচ্চু হাওলাদার, রিয়াজ উদ্দিনসহ অনেকে। 

অভিযোগে উল্লেখ করা হয়, শতাধিক পরিবার খালের পানি ব্যবহার করে। এটি সরকারি খাল হওয়া সত্ত্বেও এলাকার লাল মিয়া জমাদ্দার ও তার ভাইয়েরা কিছু অংশ দখল করে নিয়েছে। বিশেষ করে খালটির প্রবেশমুখের জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করে পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে তারা। 

জানা যায়, লাল মিয়া পাশের ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তার বিরুদ্ধে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে সরকারি টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে। 

অভিযোগ প্রসঙ্গে লাল মিয়া বলেন, এ খালে তাদেরও জমি আছে। তাই সেখানে স্থাপনা নির্মাণ করেছেন। তবে প্রয়োজনে খালের জায়গা থেকে স্থাপনা সরিয়ে ফেলা হবে।  

এ বিষয়ে পাটিখালঘাটা ইউনিয়নের চেয়ারম্যান শিশির দাস জানান, দীর্ঘদিন ধরে খালটি গ্রামের লোকজন ব্যবহার করছে। উদ্দেশ্যমূলকভাবে খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। 

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে সত্যতা পেলে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/পিও