বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বাসায় পুলিশ তল্লাশি চালিয়ে আপন ভাই পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবনা জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শহিদুল ইসলাম টুটুল বিশ্বাসকে গ্রেফতার করেছে।
শিমুল বিশ্বাস অভিযোগ করেন, রাত সোয়া ২টার সময় পুলিশ তার পাবনার বাসভবনে অভিযানকালে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছে। তার পরিবারের সদস্যদের হয়রারি ও ভয়ভীতি দেখিয়েছে।
তিনি বলেন, ৯০ বৎসর ঊর্ধ্ব আমার অসুস্থ মাকে ঘুম থেকে ডেকে তুলে চরম অমানবিক আচরণ করে। পরিবারের সকল সদস্যের ঘরে ঘরে খোঁজাখুঁজির নামে ভীতি ও ত্রাসের সৃষ্টি করে। পরে আজ বিকালে আমার সহোদর ছোট ভাই শহিদুল ইসলাম বিশ্বাসকে (টুটুল) বিনা কারণ গ্রেফতার করেছে।
এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে শিমুল বিশ্বাসের বাসভবনে পুলিশের অভিযান এবং পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, দলদাস পুলিশ কতটা অমানবিক, বেপরোয়া এবং হিংস্র হলে ৯০ বৎসর ঊর্ধ্ব একজন বৃদ্ধাকে শেষরাতে ঘুম থেকে তুলে চরম অমানবিক আচরণ করে। এই হিংস্রতা বন্ধ এবং শহিদুল ইসলাম টুটুল বিশ্বাসকে অবিলম্বে মুক্তির দাবি জানান রিজভী।
