বোমা হামলায় নিহত দুই বিচারকের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২৩:২৯

বোমা হামলায় নিহত শহীদ ২ বিচারক স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনষ্টিটিউটে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় বলা হয়, ১৪ নভেম্বর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ইতিহাসে এক শোকাবহ দিন। ২০০৫ সনের এই দিনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুই জন মেধাবী বিচারক সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহম্মেদ ঝালকাঠিতে কর্মরত অবস্থায় বোমা হামলায় শাহাদাত বরণ করেন।

এ ঘটনায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে। এরই ধারাবাহিকতায় জড়িত জঙ্গি সদস্যদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় এনে পরবর্তীতে শান্তি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন উক্ত দিবসটিকে প্রতিবছর যথাযথ মর্যাদায় পালনের মাধ্যমে শহীদ বিচারকদের স্মরণ করে আসছে। এবারও তাদের স্মরণে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেশের অন্যান্য সকল জেলায়ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি এবং ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া। স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব ও সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, ঢাকা এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মজিবুর রহমান, মহানগর দায়রা জজ ঢাকা মো. আছাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব ড. শেখ গোলাম মাহবুব, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব শেখ হুমায়ুন কবীর, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এর যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-ঢাকা রেজাউল করিম চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-ঢাকা সৈয়দ মাসফিকুল ইসলাম ও নিহত শহীদ জগন্নাথ পাঁড়ে’র ভ্রাতুষ্পুত্র রাজিব পাড়ে এবং শহীদ সোহেল আহম্মেদের ছেলে ইফতেখার আহম্মেদ এবং ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারকরা।

উল্লেখ্য, ২০০৫ সালে ১৪ নভেম্বর ঝালকাঠি আদালতের সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে জেএমবি’র বোমা হামলা মৃত্যুবরণ করেন।

ইত্তেফাক/এবি