বরিশালের বাকেরগঞ্জ প্রতি বছরের মতো দুধল ইউপির সুন্দকাঠীর জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে এইচএসসি প্রথম বর্ষের প্রায় দুইশত ছাত্র ছাত্রীদের বই, বাইসাইকেল ও পোষাক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় কলেজ চত্বরে এ বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও কলেজের গভর্নিং বডির সদস্য জহিরুল ইসলাম মোল্লাসহ অনেকে।
প্রধান অতিথি জহিরুল ইসলাম মোল্লা বলেন, শিক্ষার আলো সব জায়গায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কলেজ প্রতিষ্ঠার পর থেকে আমরা প্রতি বছরই কলেজের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে বই, পোষাক ও যাতায়াতের জন্য বাইসাইকেল প্রদান করি।
এছাড়াও ছাত্র ছাত্রীদের কলেজ সংশ্লিষ্ট যাবতীয় খরচ জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশন কর্তৃক প্রদান করা হয়।
জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের একটাই লক্ষ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সকলের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করা।
