ভারতে চলমান বিশ্বকাপে ব্যর্থ হয়ে ফিরে এসেছে বাংলাদেশ। প্রথম পর্বে নিজেদের ৯ ম্যাচে মাত্র দুইটিতে জয় পেয়েছে তারা। এই টুর্নামেন্টে টাইগারদের প্রাপ্তি বলতে তাদের শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারাটাই। তাও সেটি হয়েছে আসরের অন্য দলের কল্যাণে। এছাড়া পুরোটাই যেন এক দুঃস্বপ্ন।
এমন হতাশার একটি আসর কাটিয়ে দেশে ফেরার পরও দলের বিশ্রামের সময় নেই। কারণ, বিশ্বকাপ শেষেই চলতি মাসেই বাংলাদেশ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। আর তার আগেই টাইগারদের দলে দুঃসংবাদ। অধিনায়ক সাকিব আর হাসানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দল পাচ্ছে না গতি তারকা তাসকিন আহমেদকে।
বিশ্বকাপ চলাকালীনই মাসেল টিয়ারের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এটি সারাতেই কিউইদের বিপক্ষে বিশ্রাম দেওয়া হবে তাকে। গোটা সিরিজে না পারলেও অন্তত প্রথম টেস্টে বিশ্রামে থাকবেন তিনি। এছাড়া সাকিব আল হাসানও বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাতে চোট পেয়ে রয়েছেন বিশ্রামে।
এ বিষয়ে সম্প্র্রতি গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ জানায়, ‘চিড় থাকায় চার সপ্তাহ পর সেলাই খোলা হবে। ৬ নভেম্বর এটা হওয়ায় সেলাই খোলা হবে ৬ ডিসেম্বর। এর আগে খোলার কোনো সুযোগই নেই। তাসকিনকেও বিশ্রাম দেওয়া হবে, উপায় না থাকলে অন্তত এক টেস্টে।’
চলমান বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা নিয়ে ভারতে পা রাখে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে শুরু করলেও পরে টানা ছয় ম্যাচ হেরে খাদের কিনারায় চলে যায় টাইগাররা। শঙ্কা দেখা দেয় ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করা নিয়েও। তবে অষ্টম ম্যাচে লঙ্কানদের হারিয়ে সেই দুশ্চিন্তা কাটায় লাল-সবুজরা। ঐ ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে সাকিব হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। বল হাতে দুই উইকেটের পর ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রান। ১২ চার ও ২ ছক্কায় ১২৬.১৫ স্ট্রাইক রেটে সাজানো ইনিংসটি গড়ে দেয় ব্যবধান। তবে এ ম্যাচের শুরুতেই আঙুলে ব্যথা পেয়েছিলেন অধিনায়ক।
এদিকে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক। তবে তিনি চোটের কারণে বিশ্রামে থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যাবে না তাকে। এসময় তার পরিবর্তে কিউদের বিপক্ষে দলের নেতৃত্বের ভার কার ওপর থাকবে এমন প্রশ্নে গতকাল বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু জানান ‘সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন দায়িত্ব’।
বলেন, ‘সাকিবের যেহেতু চোট আছে। যতদিন পুরোপুরি সেরে না উঠবে, ততদিন সে খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন। এর মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয় তাহলে সে থাকবে। নতুন কেউ হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় সেটি জানিয়ে দেওয়া হবে।’
