ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের জনগণ আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করবে। আর কাজী জাফরুল্লাহকে বিদায় জানাবে।
বুধবার (১৫ নভেম্বর) বিকালে ভাঙ্গা উপজেলার বিশ্বরোড গোল চত্বরে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নিক্সন চৌধুরী।
এ সময় জনতার উদ্দেশ্যে নিক্সন চৌধুরী আরো বলেন, ‘কাজী জাফরুল্লাহ আমার বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছেন। তিনি বলেন, আমার নাকি ১১ বিঘা জমি ও একটি চিড়িয়াখানা রয়েছে। আমি কাজী জাফরুল্লাহকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনি মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করুন। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আপনাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
জনসভায় কাজী জাফরুল্লাহের অত্যান্ত আস্থাভাজন আওয়ামী লীগ নেতা এনামুল হক অপু, পিএম শামীমসহ শতাধিক নেতাকর্মী নিক্সন চৌধুরীর পক্ষে যোগ দেন।
এর আগে জনসভা উপলক্ষে দুপুর হতেই ব্যানার-ফেস্টুন হাতে ব্যান্ডপার্টি বাজিয়ে হাজার হাজার নেতাকর্মী বিশ্বরোড মোড়ে জড়ো হতে থাকে। এ সময় গত ১০ বছরে নিক্সন চৌধুরীর নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বিভিন্ন শ্লোগান দেয় নেতা-কর্মীরা।
ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সীসহ অনেকে।
