কোহলির বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন

টেনশনে দগ্ধ আনুশকা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১২:১৯

ক্রিকেটের সঙ্গে মানুষের জীবনের সম্পর্কটা গেঁথে আছে এখানেই। মাঠের কোনো ঘটনা ক্রিকেটারদের যেমন আনন্দে ভাসায় কিংবা টেনশনের আগুনে পুড়িয়ে মারে, তেমন সেই আনন্দ বা হতাশার রেশ ছড়িয়ে পড়ে গ্যালারিতে উক্ত ক্রিকেটারদের আপনজন এবং সমর্থকদের মধ্যেও। গতকাল যেমন মাঠের একটা ঘটনায় ক্রিকেটার বিরাট কোহলির টেনশনের আগুনে পুড়লেন মাঠে, তার স্ত্রী আনুশকা শর্মা অস্থিরতার আগুনে দগ্ধ হলেন গ্যালারিতে!

ঘটনাটা গতকাল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনালে, ভারতের ইনিংসের ৯ম ওভারের চতুর্থ বলে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তোলেন রোহিত শর্মা ও শুভমান গিল। উদ্বোধনী জুটিতে ৮.১ ওভারেই তারা তুলে ফেলেন ৭১ রান। ৮.২তম ওভারে রোহিত শর্মা আউট হলে ব্যাট হাতে মাঠে নামেন অবিশ্বাস্য ফর্মে থাকা কোহলি। তিনি মাঠে নামার সময় ক্যামেরার ফোকাস চলে যায় গ্যালারির সেই অংশে যেখানে ভারতের অন্য ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীর সঙ্গে বসে কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাও খেলা দেখছিলেন। তো আনুশকা বেশ উচ্ছ্বসিত ও হাসিখুশি। করতালির মাধ্যমে অভিনন্দন জানান স্বামী কোহলিকে।

এক বল পর আবারও ক্যামেরার ফোকাস আনুশকার মুখের ওপর। একটু আগের হাসিখুশির পরিবর্তে আনুশকার চেহারায় এবার টেনশনের আগুন। চরম অস্থিরতায় দুই হাতে মুখ ঢেকে আছেন! আনুশকার এই অস্থিরতার কারণে, মাঠে নামার এক বল পরই কোহলির বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানান নিউজিল্যান্ডের বোলার-ফিল্ডাররা। দুই বল আগেই রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে উইকেটের স্বাদ পেয়েছেন সাউদি। স্বাভাবিকভাবেই তিনি উইকেটের ক্ষুধায় জ্বলছিলেন। 

এই অবস্থায় তার করা নবম ওভারের চতুর্থ বলটি কোহলির প্যাডে আঘাত করে চলে যায় বাউন্ডারির বাইরে। বোলার সাউদিসহ নিউজিল্যান্ডের ফিল্ডাররা কোহলির বিরুদ্ধেও সমস্বরে এলবিডব্লিউর আবেদন জানান। কিন্তু আম্পায়ার তাদের আবেদনে সারা দেননি। কিউই অধিনায়ক কেন উইলিয়ামস ও সাউদি মিলে অন্য সতীর্থদের সঙ্গে অনেকটা সময় আলোচনা করে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। একটু আগেই রানের ঝড়ে নাচতে থাকা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম তখন শশ্মানের নিরবতায় স্তব্ধ। 

তখনই আবার ক্যামেরার ফোকাসে আনুশকা। বলিউড সুন্দরী অস্থিরতায় কাঁপছিলেন। তবে মুহূর্তেই সেই টেনশনের আগুন উবে গিয়ে আনুশকার মুখে নেচে উঠে আনন্দের ঝিলিক। ভিডিও দেখে তৃতীয় আম্পায়ার যে কোহলিকে নটআউট ঘোষণা করেন। ভিডিওতে দেখা যায়, বল প্রথমে কোহলির ব্যাটে লেগেছিল, পরে প্যাডে লেগে চলে যায় সীমানার বাইরে। আউট হওয়ার শঙ্কা ভুলে কোহলির মুখে ফুটে চার রান পাওয়ার হাসির ঝিলিক। আর আনুশকা আনন্দ-উচ্ছ্বাসে দুই হাত উঁচিয়ে করতালির মাধ্যমে অভিনন্দন জানান স্বামীকে।

ইত্তেফাক/জেডএইচ