ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি নিজেই নৌকা, আমার রক্তের প্রতিটি শিরায় শিরায় নৌকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি ও আমার পরিবার এবং আমাদের পক্ষের লাখো জনতা নৌকার জন্য কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের আবু আলম খাঁন লাভলু (মাস্টার)-এর বাড়ির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, আগামীতেও ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করে যাব। আওয়ামী সরকারকে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের মানুষ প্রতিটি আসন বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব।
কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার পরিবারের লোকজনের অত্যাচারের ওপর বিরক্ত হয়ে মানুষ আমাকে ভোট দিয়ে দুইবার নির্বাচিত করেছে। তবে মানুষের সবচেয়ে বড় জিনিস হলো চক্ষুলজ্জা , আপনি নির্বাচন করবেন এটা আপনার নাগরিক অধিকার। আপনি সাড়ে ৪ বছর জনগণের খোঁজ-খবর নিলেন না আজকে ভোট চাইতে আসেন লজ্জা করে না আপনার। করোনায় সাধারণ খেটে খাওয়া মানুষ যখন দিশেহারা তখন কোথায় ছিলেন আপনি। আমি নিক্সন চৌধুরী সেদিন জীবনের মায়া ত্যাগ করে প্রতিটি পরিবারের খোঁজ খবর নিয়েছি। আমার সাধ্যমত সকলকেই সাহায্য সহযোগিতা করেছি। এখন জনগণ বিচার করবে ভোট পাওয়ার অধিকার কার? জনগণ চাইলে আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তাদের সেবা করে যেতে চাই।
চর বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, ফরিদপুর জেলা পরিষদের সদস্য এখলাস আলী ফকিরসহ সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
