জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন, খবরটি সঠিক নয়: ডিএমপি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১০:২৯

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নয়, টিএসসির মোড়ের পুলিশ বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ। এক এসএমএসের মাধ্যমে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি/ভিডিও দিয়ে প্রচারিত খবরে ডিএমপির দৃষ্টি আকর্ষিত হয়েছে।

এসএমএসে জানানো হয়, ‘প্রেস ক্লাবের সামনে পুলিশ বক্সে অগ্নিকাণ্ডের’- যে তথ্য প্রচার করা হয়েছে সেটি সঠিক নয়, প্রেস ক্লাবের সামনের পুলিশ বক্স অক্ষত রয়েছে। এমনকি প্রচারিত ছবি/ভিডিওটির স্থানও প্রেস ক্লাবের সামনের নয়। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে টিএসসির মোড়ের পুলিশ বক্সে। এসি (রমনা জোন) ও এডিসি (রমনা জোন) সরেজমিনে পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এসটিএম