চাঁদপুর থেকে সব রুটের নৌযান চলাচল বন্ধ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৪:২৪

‘মিধিলি’ ঘূর্ণিঝড়ের প্রভাবে চাঁদপুরে সকাল থেকে বৃষ্টিপাত ও বাতাসের গতি বেড়েছে। সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪ মিলিমিটার। বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল।

এর আগে আজ শুক্রবার (১৭ নভেম্বর) বৈরী আবহাওয়ার কারণে সকাল ছয়টায় ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ছবি: ইত্তেফাক

বেলা ১১টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‌‌‘সকালে ছোট লঞ্চগুলো বন্ধ করা হলেও সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা-চাঁদপুর, ঢাকা-নারায়ণগঞ্জসহ চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ ও নৌযান বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।’

ছবি: ইত্তেফাক

চাঁদপুর লঞ্চঘাটের দায়িত্বরত নৌ-পথ পরিদর্শক (টিআই) শাহ আলম বলেন, ‘সকাল ছয়টা থেকে নির্ধারিত সময়ের এমভি আফিয়া, এমভি সোনার তরী-৩, এমভি ঈগল-৭, এমভি বোগদাদিয়া লঞ্চ চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ১০টা ৪০ মিনিটে সব লঞ্চ বন্ধ হয়ে যায়। সকাল থেকে লঞ্চগুলো ছেড়ে গেলেও যাত্রী ছিল খুব সীমিত। এখন ঘাটে যাত্রী-লঞ্চ কোনোটাই নেই।’

ছবি: ইত্তেফাক

এদিকে সকাল ১০টার পর বৃষ্টি আরও বাড়তে থাকে। শহরে যান চলাচল খুবই সীমিত। শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না।

চাঁদপুরের আবহাওয়া কর্মকর্তা মো. শামসুল আলম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা। আর আজ শুক্রবার সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকাল নয়টার পরে বৃষ্টির পরিমাণ ও বাতাসের গতি আরও বেড়েছে।’

ইত্তেফাক/এইচএ