ঘরের মাটিতে বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। আসরের প্রথম পর্বের সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল স্বাগতিকেরা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে রাউন্ড রবিনেও। গত পরশু আসরের প্রথম সেমিফাইনালে গেল দুই আসরে ফাইনাল খেলা দল নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে এক যুগ পর বিশ্বকাপ ফাইনাল খেলার টিকিট নিশ্চিত করে রোহিত শর্মার দল। এর আগে ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত। সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্বাগতিকেরা। এর মধ্যে কেটে যায় আরও দুটি বিশ্বকাপ। সেই দুই আসরে সেমিফাইনালে উঠলেও সামনে আর এগোতে পারেনি ভারত। কিন্তু ২০২৩-এ আবারও নিজেদের মাটিতে বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। আর ভারতের এমন সাফল্যের জন্য দলের অধিনায়ক রোহিত শর্মার বড় অবদান দেখছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন।
বুধবার সেমিফাইনালে ভারত জয় পাওয়ার পর স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে স্বাগতিকদের নিয়ে ইংলিশ সাবেক এই অধিনায়ক বলেন, ‘আগামীকাল (গতকাল) শিরোনাম হবে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ শামিকে নিয়ে, কিন্তু এই ভারতীয় দলের আসল নায়ক হলেন রোহিত শর্মা। তিনি দলের সংস্কৃতি বদলে দিয়েছেন। এই বিশ্বকাপে ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচে ভারতকে দারুণ শুরু এনে দিয়েছে রোহিত। টুর্নামেন্টে একজন ওপেনার হিসেবে তার ৫৫০ রান খুবই বিস্ময়কর। ১২৪ স্ট্রাইক রেটে ব্যাট করেন ৫৫.৫ গড়ে। তার এমন দুর্দান্ত ব্যাটিং প্রতিপক্ষ দলের আত্মবিশ্বাস অনেকটা কমিয়ে দেয়। কারণ প্রথম ১০ ওভারে দলকে একটা ভালো সংগ্রহ এনে দেন রোহিত। সেই সঙ্গে তার অধিনায়কত্ব এক কথায় অসাধারণ।’
এর আগে গেল বছর অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতের ১০ উইকেটের পরাজয়ের পর রোহিতদের খেলার ধরন বদলে যায় উল্লেখ করে নাসের বলেন, ‘২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড যখন তাদের ১০ উইকেটে পরাজিত করেছিল, তখন তিনি (রোহিত) দীনেশ কার্তিককে বলেছিলেন যে তাদের ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করতে হবে। সে সময় ভারত প্রতিপক্ষের জন্য বেশি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছিল না। ইনিংসেও সংগ্রহ কম করছিল। তবে এবার এটি আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে কাটিয়েছে রোহিত। গ্রুপ পর্বের খেলাগুলো আলাদা, তবে নকআউট ম্যাচে এটি করা বিশেষ কিছু। আজ তাদের পরীক্ষা নিলো নিউজিল্যান্ড। রোহিত আক্রমণাত্মক ক্রিকেট খেলেন। সেই সঙ্গে তিনি ড্রেসিংরুমে একটি বার্তা দিয়েছেন যে আমরা আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলতে চাই।’
গত পরশু আসরের প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারত মুখোমুখি হয় নিউজিল্যান্ডের। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত ২৯ বলে ৪৭ রানের এক ঝোড়ো ইনিংস খেলে শুরুতেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে। পরে বিরাট কোহলি (১১৩ বলে ১১৭) এবং শ্রেয়াস আইয়ার (৭০ বলে ১০৫) দুটি শতরানের ইনিংসের ফলে ৫০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৯৭। পরে ভারতের গতি তারকা মোহাম্মদ শামির একাই কিউইদের সাত ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়ে স্বাগতিকদের ফাইনালের টিকিট নিশ্চিত করে দেয়।
