শারমিন আঁখির ২ যুগ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৯:২৯

‘উপস্থাপনায় ক্যারিয়ার গড়া আমাদের সময় ততটা অনুকূল ছিল না। তবু নিজের চেষ্টা আর মেধায় একটু একটু করে আজকের অবস্থানে এসেছি। বলতে পারেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে স্বপ্ন ছুঁয়েছি।’ ক্যারিয়ারে দুই যুগের যাত্রা প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন জনপ্রিয় উপস্থাপক শারমিন আঁখি। 

দীর্ঘ ক্যারিয়ারে সংবাদ উপস্থাপনার পাশাপাশি নিয়মিতই অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। বাংলাদেশ বেতারের মাধ্যমে যাত্রা শুরুর পর একাধিক বেসরকারি টেলিভিশনসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাতেও সংবাদ পাঠ করেছেন আঁখি। শুধু সংবাদ উপস্থাপনই নয়, টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানও উপস্থাপনা করেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। 

শারমিন আঁখি।

বর্তমানে বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণির সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন। উপস্থাপনা মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ প্রসঙ্গে আঁখি বলেন, ‘বর্তমানে এই সৃজনশীল পেশায় ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ রয়েছে। দিন দিন এই ক্ষেত্রটি প্রসারিত হচ্ছে। এখন শুধু টিভি নয়, অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন ইভেন্ট-অনুষ্ঠান উপস্থাপনা করেও অনেকে ভালো অবস্থান তৈরি করছে। সব মিলিয়ে এই পেশার ভবিষ্যৎ খুবই ভালো দেখতে পাচ্ছি। তবে উপস্থাপনায় শব্দচয়ন বা উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টিতে সকলের নজর দেওয়া উচিত।’

উল্লেখ্য, সংগীতচর্চা, কাব্যচর্চাতেও বিচরণ রয়েছে আঁখির। এসব দক্ষতাও আলাদা করে পরিচিত করে তুলেছে তাকে। এরইমধ্যে বেশকিছু গানের পাশাপাশি লিখেছেন একাধিক কাব্যগ্রন্থ। কাজের স্বীকৃতিস্বরূপ এরইমধ্যে বিভিন্ন পুরস্কার ও সম্মাননাও ঘরে তুলেছেন তিনি।

ইত্তেফাক/এএএম