মর্টার শেল আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:১৫

মিয়ানমার-নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষে বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মিয়ানমার জান্তা সরকার। সীমান্ত ঘেঁষে ওপারে কামানের গোলা নিক্ষেপের পাশাপাশি বিমান থেকে গোলা বর্ষণ করা হচ্ছে। মিয়ানমার-নাইক্ষ্যংছড়ি সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে মিয়ানমার অংশে পাঁচ দিনে অর্ধশতাধিক মর্টার শেলের প্রকট শব্দ শুনছেন বাংলাদেশ ঘুমধুম সীমান্তের পাঁচ গ্রামের মানুষ। শুক্রবার সকাল থেকে একটানা ২০টির অধিক মর্টার শেলের শব্দ ভেসে আসে একই এলাকায়। এ অবস্থায় আতঙ্কে দিন কাটছে তাদের।

সীমান্তে বসবাসকারী আলী আকবর সরওয়ার কামাল বলেন, মিয়ানমার সীমান্তের ওপারে বেলা ১১টার দিকে জেট বিমানে পরপর ছয়টি বোমা নিক্ষেপ করা হয়। গোলাগুলির শব্দে বৃহত্তর তুমব্রু ও বাইশফাঁড়িসহ ঘুমধুম সীমান্তের দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকার বাংলাদেশে বসবাসকারী নিরীহ লোকজনের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। চাকঢালা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য ফরিদুল আলম বলেন, মিয়ানমার সীমান্ত উত্তপ্ত। সীমান্তে নিয়মিত মর্টার শেল ছোড়ার মতো আওয়াজ শোনা যাচ্ছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন, এটি একান্তই মিয়ানমারের বিষয়। তারা নিজেদের সন্ত্রাস দমনে হয়তো কাজ করছে। এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. সাহল আহমদ নোবেল বলেন, এটি মিয়ানমারের বিষয়। তাছাড়া বিজিবি সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে, সতর্ক রয়েছে।

ইত্তেফাক/এএইচপি