ওপেনএআইয়ে চলছে নাটক, পদত্যাগ করলেন প্রেসিডেন্ট

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৪:২২

নাটকীয়তা চলছে আলোচিত চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ে। সিইও স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করার পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান। মিন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেে একটি পোস্ট শেয়ার করেন গ্রেগ ব্রোকম্যান। সেই পোস্টে তিনি স্যাম অল্টম্যানের সঙ্গে কাটানো দারুণ সময়ের স্মৃতিচারণা করে লেখেন, ‘আট বছর আগে আমার অ্যাপার্টমেন্ট থেকে ওপেনএআইয়ের যাত্রা শুরু। ওই সময়ে আমরা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি। আমি ওই সময়টা নিয়ে গর্বিত।’

তিনি আরও লেখেন, ‘আমরা একসঙ্গে কঠিন ও সুন্দর সময় পার করেছি। নানা কারণ থাকার পরও স্যামকে চাকরি থেকে বাদ দেওয়াটা খুবই অস্বাভাবিক। আজকের খবরের ভিত্তিতে বলছি, আমি চাকরি ছেড়ে দিচ্ছি।’

২০১৫ সালে ওপেনএআইয়ের যাত্রা শুরু। কিন্তু বছর খানেক আগে চ্যাটজিপিটি বাজারে ছেড়ে প্রযুক্তি জগতে খ্যাতি পায় প্রতিষ্ঠানটি। চ্যাটজিপিটি একটি শক্তিশালী মেশিন লার্নিং মডেল বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে শেখার পদ্ধতি। ভাষা ইনপুট হিসেবে দিলে চ্যাটজিপিটি সেটি বুঝতে পারে এবং সেই কথার প্রতিক্রিয়াও জানাতে পারে।

গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে সিইও স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করার কথা জানায়। বলা হয়, যথাযথ পর্যালোচনা করে স্যামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্যাম পরিচালনা পর্ষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ করছিলেন না। একটা দূরত্ব তৈরি হচ্ছিল, যা প্রতিষ্ঠান পরিচালনায় তার সক্ষমতাকে বাধাগ্রস্ত করছিল।

ইত্তেফাক/এএম/এমটি