সেনা সহায়তায় ৯ মাস পর বাড়িতে ফিরল থানচির ১১টি বম পরিবার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০০:৪০

দীর্ঘ ৯ মাস পর সেনা সহায়তায় বান্দরবনের থানচি সদর ইউনিয়নের প্রাতা বম পাড়ার ১১টি বম পরিবারের ৪৯ জন সদস্য নিজ বাড়িতে ফিরেছে। গতকাল শনিবার পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারণে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. শাহীনুর হকের অনুমতিতে দুপুরে থানচি উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড প্রাতা বম পাড়ায় তারা প্রবেশ করে। এ সময় পাড়াবাসীদের বাকলাই সেনা ক্যাম্প, ১৬ ইস্ট বেঙ্গল  নিজেদের ইস্যুকৃত রশদ থে?কে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি তেল, এক কেজি ডাল, এক কেজি লবণ, চার কেজি ময়দা, এক কেজি চিনি প্রদান করা হয়েছে।

জানা যায়, গেল বছরের ৬ মার্চ পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ এর লাগাতার নির্যাতন ও নিপীড়নের ভয়ে পাড়ায় বসবাসরত মোট ২৮টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। সেনা সহায়তায় ২৮টি পরিবারের মধ্যে নিজ বাড়িতে ফিরেছে ১১টি বম পরিবারের ৪৯ জন সদস্য। প্রাতা বম পাড়ার বাসিন্দা পিয়ার নিয়ার বম রনি বলেন, গত বছরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমস্যার কারণে আমরা দীর্ঘ ৯ মাস যাবত বনজঙ্গলে, বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে ছিলাম। আজকে বাড়িতে ফিরতে পেরে খুব খুশি লাগছে।

তিনি জানান, সেনাবাহিনী সব সময় আমাদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। তাদের সহায়তায় আজকে আমরা নতুন জীবনে ফিরতে পেরেছি। তারা শুধু আমাদের নিরাপত্তা নয় খাদ্য, চিকিৎসাসহ বিভিন্ন সহায়তাও দিয়েছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপদে সব সময় তাদেরই আমরা পাশে পাই। প্রাতা পাড়ার আরেক সদস্য লিলি বম বলেন, দীর্ঘ ৯ মাস বনজঙ্গলে পালিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। অনেক দিন পর নিজ পাড়ার বসতভিটায় ফিরতে পেরেছি। এত আনন্দ বলার মতো না।

বাকলাই সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন সালমান জানান, প্রাতা পাড়ার অবস্থান পাহাড়ি ও দুর্গম এরিয়ায়। তাই বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এছাড়া তাদের সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

ইত্তেফাক/পিও/এমএএম