অগ্নিসন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে: নিক্সন চৌধুরী  

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২০:৩৭

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, অগ্নিসন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে। সারাদেশে বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণ পার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জামায়াত-বিএনপির ডাকা হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিক্সন চৌধুরী এমপি। 

এ সময় উপস্থিত সবাইকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‌‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ—অগ্নিসন্ত্রাসীদের খুঁজে বের করে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করতে হবে। তফসিল ঘোষণার পর একটি মহল নির্বাচনকে বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে। সকল কুচক্রী মহলকে উপেক্ষা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়ন করতে হবে। 

নেতা-কর্মীর উদ্দেশ্য তিনি আরও বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসবে, পাকিস্তানি প্রেতাত্মা ও রাজাকাররা আরও সক্রিয় হয়ে উঠবে। সুতরাং চোখ-কান খোলা রেখে সুষ্ঠু নির্বাচন করতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

ভাঙ্গা পৌরসভার কাউন্সিলর লিয়াকত মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সিসহ অনেকে। 

ইত্তেফাক/ডিডি/পিও