১-২ ডিসেম্বর কবি সম্মেলন

বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন ৫ জন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২১:২৩

দেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ ও ২ ডিসেম্বর দুইদিনব্যাপী বগুড়ায় কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো চলতি বছরেও বগুড়া লেখক চক্র পুরস্কার ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক কবি সম্মেলনের তারিখ ও পুরস্কারের বিষয়টি ঘোষণা করেন।

সংগঠনটি চলতি বছর পাঁচটি বিষয়ে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৩’ দিয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় তুষার কবির, কথাসাহিত্যে আকিমুন রহমান, লিটল ম্যাগাজিন সম্পাদনায় সুমন বণিক (অগ্নিশিখা পত্রিকার জন্য)  সম্পাদক-প্রকাশক হিসেবে আবু এম ইউসুফ (অনুপ্রাণন সম্পাদনা ও প্রকাশনার জন্য এবং সাংবাদিকতায় দৈনিক ইত্তেফাকের বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মিলন রহমান।

ছবি: ইত্তেফাক

সাংবাদিক সম্মেলনে বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক বলেন, ‘বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দিয়ে আসছে। সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবি সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননা স্মারক দেওয়া হবে।’

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ১ ডিসেম্বর সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করা হবে। এতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসনাত লোকমান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদ মল্লিক, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, সাবেক রাষ্ট্রদূত ইকতিয়ার চৌধুরী, প্রশিকা চেয়ারম্যান রোকেয়া ইসলাম, বাংলা একাডেমি থেকে পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দার ও দেশের প্রথিতযশা অনেক কবি-সাহিত্যিকরা ছাড়াও বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশ নেবেন।

ইত্তেফাক/এইচএ