জামালপুরে ট্রেনের তিনটি বগিতে আগুন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৫৫

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রেনের পেছনে তিনটি বগিতে আগুন দেওয়া হলে দুটি বগি পুড়ে যায়। এ সময় আগুনে ৪ নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিনা বিথী।

স্থানীয় সূত্র জানায়, ১৮ নভেম্বর বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যুমনা ট্রেনটি জামালপুরের সরিষাবাড়ি স্টেশনে রাত দেড়টার দিকে তারাকান্দি স্টেশনে যাওয়ার পথে হঠাৎ ট্রেনের পেছনে তিনটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ট্রেনের বগিতে আগুন দেখে ৪ নারীসহ অন্তত ১০ যাত্রী গাড়ি থেকে লাফিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত ৪ নারী যাত্রী হলেন আশিকা সুলতানা, মমতাজ বেগম, জেলেহা বেগম, লাবনী আক্তার। আহতরা সরিষাবাড়ী উপজেলার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় সরিষাবাড়ী স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বলেন, ‘ট্রেনটি সরষিাবাড়ি থেকে স্টেশন ত্যাগ করার পর হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা দেখতে পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনের দুটি বগি সম্পূর্ণভাবে এবং একটি বগি আংশিক পুড়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব উদ্দিন, ওসি ডিবি শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

ট্রেনের দায়িত্বরত পরিচালক (গার্ড) মাসুদ রানা বলেন, ‘সরিষাবাড়ি স্টেশন থেকে ট্রেনটি হোম সিগনাল অতিক্রম করার সময় ট্রেনের পেছন থেকে লোকজন ধোঁয়া ধোঁয়া বলে চিৎকার করতে থাকে। গাড়ীটির শিকল টেনে থামানো হয়।’

এদিকে আগুন লাগার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘ট্রেনের দুটি বগি পুড়ে গেছে। একটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ইত্তেফাক/এমএএম/এইচএ