অবশেষে মুখ খুলল বিসিবি

কুম্ভকর্ণের ঘুম ভাঙল

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১০:২০

বিশ্বকাপ ক্রিকেটে যেসব দেশ ক্রমাগত ব্যর্থ হয়েছে, তার প্রায় সব দেশই নড়েচড়ে বসেছে। বিশেষ করে শ্রীলঙ্কা, পাকিস্তান ক্রিকেটে ঝড় বয়ে গেছে। আর বাংলাদেশ ক্রিকেট দল মানসম্মান খুইয়েছে। কিন্তু বিসিবি ছিল নীরব। বারবার চেষ্টা করে সংবাদমাধ্যম বিসিবিকে জাগিয়ে তুলতে পারেনি।

বিসিবির সব পরিচালক ছিল নীরব। আড়ালে লুকিয়ে। এবার বিসিবির কর্মকর্তারা যেভাবে নিজেদেরকে আড়ালে-আবডালে রেখেছিলেন। দেশের ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আর দেখা যায়নি। যারা ক্যামেরা দেখলে হুমড়ি খেয়ে পড়তেন, তারা বিশ্বকাপের লজ্জা নিয়ে ঘরে ফিরে মুখ দেখানো বন্ধই করে দিয়েছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও, শর্তসাপেক্ষে, নাম বলা যাবে না। এভাবেই চলছিল। যাক, অবশেষে মুখ খুলল বিসিবি। ঘুম ভাঙল কুম্ভকর্ণের।

একডালা খবর নিয়ে হাজির হয়েছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। একেবারে অচেনা চিত্র দেখা গেল। জালাল ইউনুস এলেন, কিন্তু তার পাশে আর কোনো কর্মকর্তাকে দেখা গেল না। ছবি তোলার জন্য ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলেন। ছবি তোলার জন্য ধাক্কাধাক্কি ছিল না। প্রকৃত পক্ষে যেমনটা হওয়া উচিত ছিল সেটাই ছিল। বিসিবির সভাপতি নাজমুল হাসান বসেছিলেন কয়েকজনকে নিয়ে। কাউকে জানাননি। নিজেদের মধ্যে ঘরোয়া কথাবার্তা হয়েছে। সেখান থেকে কিছু সিদ্ধান্ত জানিয়েছেন জালাল ইউনুস।

বিশ্বকাপ ব্যর্থতায় দায় আমাদের সবার

সেমিফাইনালের টার্গেট নিয়ে ভারতে বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়ে ৯ ম্যাচে ২ জয় পেয়েছে। ৭ ম্যাচ হেরেছে। তার চেয়েও বড় কথা, বাংলাদেশ দল একাদশ গড়তে গিয়ে ব্যর্থতার মালা গলায় পরেছে। বিসিবি দায় স্বীকার করে নিয়েছে। জালাল ইউনুস অকপটে মেনে নিয়েছেন। বিশ্বকাপ ব্যর্থতার দায় সবার। জাতির কাছে দায়বদ্ধতার জায়গায় জালাল ইউনুস বলেন, ‘আমাদের সবার দায়বদ্ধতা রয়েছে, এটা আমরা মেনে নিয়েছি। বোর্ডকে মেনে নিতে হবে। আমরা এই রেজাল্ট আশা করিনি। দল খারাপ করলে সবাইকে মেনে নিতে হবে। টার্গেট ছিল সেমিফাইনাল। অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতা। হয়নি। দলের মধ্যে অনেক ফেইলউর রয়েছে। সেই জায়গায় আমাদের দায়বদ্ধতা রয়েছে।’

কোচ হাথুরুসিংহেকে ব্যাখ্যা দিতে হবে

বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল ঘরে ফিরে আসে, কোচিং স্টাফ ঢাকায় ফিরতে চাইলেও কোচ হাথুরুসিংহেকে ঢাকায় আসার নির্দেশ দেয় বিসিবি। প্রকাশ না করলেও হাথুরুসিংহের সঙ্গে বিসিবি বৈঠক করেছে। লম্বা সময় কথা হয়েছে। সেখানে সবকিছু নিয়ে কথা হয়েছে। কিছু বিষয় গ্রহণ করলেও সব কিছু গ্রহণ করেননি বিসিবি বস পাপন। তারপরও হেড কোচের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চেয়েছে বিসিবি। সেই ব্যাখ্যার সঙ্গে টিম ডাইরেক্টরও একটা রিপোর্ট দেবে। তার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তবে সূত্রের খবর হচ্ছে, টিম ডাইরেক্টরের রিপোর্টের ওপর অনেক কিছু নির্ভর করছে। বিসিবির এই কর্মকর্তা জানিয়েছেন, রিপোর্ট নিয়ে আলোচনা হবে, প্রয়োজনে তদন্ত কমিটি। ২০০৩ সালেও ব্যর্থতার পরও তদন্ত করা হয়েছিল, সেটি আলোর মুখ দেখেনি। জালাল বলেছেন, দলের স্বার্থে যা কিছু করার দরকার, করা হবে।’

লিটন এক মাসের ছুটি চেয়েছিলেন

বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটার লিটন কুমার দাস কন্যা সন্তানের বাবা হয়েছেন। তিনি নিউজিল্যান্ড সিরিজ খেলবেন না। দুই মাসের ছুটি চেয়েছিলেন। স্ত্রী-সন্তানের সঙ্গে থাকতে চান। জালাল ইউনুস বলেছেন, ‘লিটন দুই টেস্ট খেলবে না। সে খেলতে চাইছে না। সে এক মাস পুরোটা স্ত্রী-সন্তানের সঙ্গেই থাকতে চায়।’ জালাল জানিয়েছেন, ‘আমরা বলেছিলাম, তুমি প্রথম টেস্টটা না খেলো, দ্বিতীয়টা খেলো। কথা হচ্ছে কোনো প্লেয়ার যদি নিজে থেকে বলে আমি খেলব না। তাকে অন্তত জোর করে ন্যাশনাল টিমে খেলাতে পারবেন না। খেলার পেশাদারিত্বটা হার্ট থেকে আসতে হবে। অনুভব থাকতে হবে আমি দেশের জন্য খেলতে চাই। যদি কেউ বলে আমি খেলব না। তখন আপনি তাকে জোর করে খেলাতে পারবেন না।’

তামিম-সাকিব ইস্যু

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান ওয়ানডেতে অধিনায়ক থাকবেন কি না সেই প্রসঙ্গে বিসিবি ২৮ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে। সাকিব আঙুলে ব্যথা পেয়ে বিশ্বকাপ থেকে চলে এসেছিলেন। সাকিব নাকি ওয়ানডে দলের অধিনায়ক থাকতে চান না। বিবিসি জানিয়েছে, সাকিব আনুষ্ঠানিকভাবে সেটা বলেনি। এ ব্যাপারে এখন কিছু না বলে ২৮ নভেম্বরের পর বলা যাবে। বিসিবি সাকিব অধিনায়ক থাকবেন কি না সেটা গতকাল অনেকের কাছে শঙ্কা তৈরি করেছে। নির্বাচন করার জন্য সাকিব মনোনয়নপত্র তুলেছেন। তামিম ইকবাল বিসিবির সঙ্গে কথা হয়েছে। আগামী ২২ নভেম্বর তামিমের সঙ্গে বিসিবির সভা রয়েছে। তামিমের ইনজুরি কী অবস্থায় রয়েছে, সেটা তামিমের কাছ থেকে জানতে চাইবে বিসিবি। তারপর সিদ্ধান্ত।  

দক্ষিণ আফ্রিকার অ্যানাল্ড ডোনাল্ড চলে গেছেন, সে আসবে না বলেই গেছে। দক্ষিণ আফ্রিকার নিকপোথাস আসবে। হেড কোচ হাথুরুসিংহে আসবে। রঙ্গানা হেরাথ ৩০ নভেম্বর পর্যন্ত থাকবেন। এই পর্যন্ত কাজ করে তিনি চলে যাবেন। ফিল্ডিং কোচ জেমি সিডন্স আমাদের সঙ্গে নেই। জেমি সিডন্স একটা নির্ধারিত সময় পর্যন্ত কাজ করবেন। স্পিন বোলিং কোচ হিসেবে দেশি কোচ সোহেল থাকবেন।

প্রধান নির্বাচক নান্নু

বিশ্বকাপ ব্যর্থতায় সমালোচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি থাকছেন কি না, সে বিষয়েও বিসিবির নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। জালাল জানিয়েছেন, নান্নুর চুক্তি এ বছরই শেষ। বিসিবির সভা আছে এ মাসেই, সেখানেই আলোচনা হবে এসব বিষয়ে।

ইত্তেফাক/এএম