বিরাটের ১৮ নম্বর জার্সিতে যা আছে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১১:৪৭

অনেকেই বলছেন এবারের বিশ্বকাপ নাকি বিরাট কোহলির। তিনি যা চাইছেন তাই পাচ্ছেন। বিরাট কোহলিকে একদিনের ক্রিকেটে কিংবদন্তি ব্যাটার বলা যেতেই পারে। ইতিমধ্যে তিনি আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৫০টি  সেঞ্চুরি করে ফেলেছেন।

আরো ছোট করে বলতে গেলে, এবারের বিশ্বকাপে ইতিমধ্যেই বিরাট তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে বিরাট কোহলি ১১৩ বলে ১১৭ রান করেছেন। গোটা ক্রিকেট বিশ্ব তাকে ভালোবাসা জানাচ্ছে। বিরাটকে নিয়ে কৌতূহলের যেন শেষ নেই। এই ধরুন বিরাট কেন ১৮ নম্বর জার্সি গায়ে খেলেনে। কেন এই নম্বরটা পরিবর্তন করেন না। 

দিল্লি থেকে উঠে আসা ভারতের এই ক্রিকেটার শুধু জাতীয় দলই নয়, বরং আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়েও অধিনায়কত্ব করেছেন। তবে বিরাটের জার্সি নম্বর হামেশাই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক বিশ্বকাপের সময় জানিয়েছেন, কেন ১৮ নম্বর পরিবর্তন করেন না।

বিরাট জানান, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলার সময় থেকেই বিরাট কোহলি এই বিশেষ নম্বরের জার্সি ব্যবহার করে থাকেন। কিন্তু, এমন সিদ্ধান্তের পিছনে আসল কারণটা কী? বিশ্বকাপ ফাইনালে ওঠার পর বিরাট কোহলি সংবাদমাধ্যমকে বললেন, ‘আমাকে কখনই জিজ্ঞাসা করা হয়নি যে আমি কত নম্বর জার্সি পরে ক্রিকেট খেলতে ইচ্ছুক। আমাকে এই ১৮ নম্বর জার্সিটাই দেওয়া হয়েছিল।’

তবে ক্যারিয়ারের পরবর্তী সময়ে এই সংখ্যাটা কোহলির জীবনে অনেক স্মরণীয় হয়ে আছে। ২০০৬ সালের ১৮ ডিসেম্বর কোহলির বাবা মারা যান। ২০০৮ সালের ১৮ আগস্ট ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয় কোহলির। বিরাট বললেন, ‘আমার জীবনের দুটো গুরুত্বপূর্ণ ঘটনাই এই ১৮ সংখ্যাটির সঙ্গে জড়িয়ে রয়েছে।’

বিরাট আরও বলেন, ‘১৮ নম্বর জার্সি পরাটা আমার কাছে বিশেষ একটা মুহূর্ত। আমি মাঠে ১৮ নম্বর জার্সি পরেই খেলি। আমার হাজার হাজার সমর্থকও ১৮ নম্বর জার্সি পরেই মাঠে খেলা দেখতে আসে। এই অনুভূতিটা খুবই স্পেশাল। যদিও, আমি নিজে কখনো ভাবিনি যে আমার জীবনেও কখনো এমন মুহূর্ত আসবে। আজ যখন পিছন ফিরে তাকাই, তখন দেখি যে সৃষ্টিকর্তা  আমাকে সবকিছু দিয়েছেন। হতে পারে এগুলো অর্জন করা খুব একটা সহজ ছিল না। কিন্তু ঈশ্বর আমাকে দিয়েছেন।’

ইত্তেফাক/এএম