সেনা প্রত্যাহার করে নিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে মালদ্বীপ। গত শুক্রবার মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন চীনপন্থি মোহামেদ মুইজ্জু। একদিন পরই তার সরকারের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মুইজ্জু শনিবার তার কার্যালয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে সাক্ষাত্কালে এই অনুরোধ করেন। ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রী রিজিজু মুইজ্জুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপে গিয়েছিলেন।
মালদ্বীপে ভারতের প্রায় ৭০ জন সেনা অবস্থান করছে। এছাড়া ম্যানিং রাডার এবং নজরদারি বিমান রয়েছে। মালদ্বীপ থেকে বিদেশি সেনা প্রত্যাহার ছিল প্রেসিডেন্ট মুইজ্জুর অন্যতম প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি। শুক্রবার শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ভারতের নাম না করে তিনি বলেন, মালদ্বীপে কোনো বিদেশি সামরিক কর্মী থাকবে না। যখন আমাদের নিরাপত্তার কথা আসে, আমি একটি লাল রেখা আঁকব। মালদ্বীপ অন্যান্য দেশের লাল রেখাকেও সম্মান করবে।
সম্প্রতি মুইজ্জু এএফপিকে বলেন যে, ভারতীয় সামরিক বাহিনীর জায়গায় চীনা সৈন্যদের এনে আঞ্চলিক ভারসাম্য নষ্ট করা তার উদ্দেশ্য নয়।
