বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে পাবনা শহরে বিক্ষোভ মিছিল করেছে দলটির সাবেক নেতা-কর্মীরা। এসময় ২টি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা শহরের বড় বাজার সংলগ্ন দুই বাজার মোড়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। বড় বাজার এলাকায় পৌঁছানোর পর পিকেটিং শুরু করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় দুটি গাড়ি ও কয়কটি দোকানের গ্লাস ভাঙচুর করেন তারা। পরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান চলছে।
