কুষ্টিয়ার ৪টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। রবিবার বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ত্রুটিপূর্ন ৯টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
বাতিলকৃতরা হলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ। দলীয় মনোনয়ন না পেয়েও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া এই আসন থেকে ঋণ খেলাপীর দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ, বাদল) এর প্রার্থী রেজাউল হক এবং আয়কর রির্টান দাখিল না করায় মুসলীম লীগ প্রার্থী আব্দুল খালেক সরকার এর মনোনয়নপত্র বাতিল হয়।
অন্যদিকে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ত্রুটিপূর্ণ কাগজপত্র জমা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা জামায়াতের আমির আবদুল গফুর ও বশির আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়।
এছাড়া কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়েও দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করায় বর্তমান এমপি আব্দুর রউফের মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে একই আসন থেকে ঋণ খেলাপীর দায়ে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মেহেদী হাসান, জাকের পার্টির তসির উদ্দিন ও সমাজতান্ত্রিক দল জাসদ প্রার্থী রোকনুজ্জামান রোকনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ইত্তেফাক/নূহু
