অবরোধের আগের রাতে ঢাকায় ৩ গাড়িতে আগুন

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৯:৩৭

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান সরকারবিরোধী আন্দোলনের ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতে ঢাকায় তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টার মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী, গাবতলী ও উত্তরায় এসব গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অফিস এ তথ্য জানিয়েছে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিসের টিম। ছবি: ইত্তেফাক

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। এতে একজন আহত হয়েছে। পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রায় একই সময়ে গাবতলী এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া উত্তরার জসীমউদ্দিন মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, আজ বুধবার সকাল ছয়টা থেকে টানা ৪৮ ঘণ্টা সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে বিএনপির। চলবে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত। আলাদাভাবে ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে জামায়াতে ইসলামীও।

ইত্তেফাক/এসকে