পাকিস্তানের কোচিং দায়িত্বে উমর গুল ও আজমল

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৩:৫৬

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে ভারতে ভরাডুবির পর নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোচ থেকে অধিনায়ক সব জায়গাতেই পরিবর্তন আনছে বোর্ডটি। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে নতুন করে দলের পেস এবং স্পিন বোলিং কোচে পরিবর্তন আনল বোর্ড।

সামনেই অপেক্ষা করছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফর। এই সফরের জন্য আগেই হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাফিজ। এবার দলের পেস ও স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির দুই সাবেক ক্রিকেটার উমর গুল ও সাইদ আজমল।

পাকিস্তান দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর উমর গুল বলেন, ‘আমি পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে যোগ দিতে পেরে আনন্দিত এবং পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের পাকিস্তান ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। গুল নতুন চাকরির প্রস্তাব গ্রহণ করার পর বলেছেন। দলের সঙ্গে পূর্বের কাজের অভিজ্ঞতা থাকায়, আমি পাকিস্তানের বোলিং দক্ষতাকে নতুন উচ্চতায় উন্নীত করার লক্ষ্যে আমার কোচিং দক্ষতা নিয়ে আসব।’

পাকিস্তান দলের স্পিন কোচের দায়িত্ব পাওয়ার পর আজমল বলেন, ‘পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার সুযোগের জন্য আমি সত্যিই সম্মানিত ও কৃতজ্ঞ। পাকিস্তান জাতীয় দলের মধ্যে স্পিন বোলিং প্রতিভা বিকাশে অবদান রাখতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি আমার ক্যারিয়ার এবং কোচিং অভিজ্ঞতা দলের স্পিন বোলিং অস্ত্রাগারকে উন্নত করতে সাহায্য করবে।’

ইত্তেফাক/এএম