সাকিবকে উদ্দেশ্য করে শিশিরের বার্তা

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৭:৩৪

সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করেছে সাকিবসহ পুরো দল। যা নিয়ে চলছে আলোচনা। এছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়ে নতুন করে ফের আলোচনায় এসেছেন সাকিব। এরই মাঝে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। 

বুধবার (২২ নভেম্বর) পুরো পরিবারের একটি ছবি পোস্ট করে সাকিবকে উদ্দেশ্য করে শিশির লেখেন, 'একজন ভালো মানুষের গুণ হলো যখন আপনি বাড়ির দরজায় প্রবেশ করেন তখন বাইরের জগতকে দরজার বাইরে রেখে আসেন এবং পরিবারকেই সর্বোচ্চ গুরুত্ব দেন। পরিবারই ভালবাসা। আলহামদুলিল্লাহ।'

 

মঙ্গলবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন পত্র নিজ হাতে জমা দেন সাকিব। একাই তিনটি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। আসন তিনটি হলো ঢাকা-১০ ও মাগুরা-১ এবং মাগুরা-২।

ইত্তেফাক/জেডএইচ