লক্ষ্মীপুরের রামগঞ্জে হাঁটতে বেরিয়ে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে দাদা মো. সফিউল্যাহ (৬০) ও নাতি মো. ওমরের (২) মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের মাদার বাড়ির পেছনে থাকা পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়।
মৃত সফিউল্যাহর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘নাতিকে নিয়ে প্রায়ই হাঁটতে বের হতেন আমার স্বামী। আজ সকালেও প্রতিদিনের মতো হাঁটতে বের হন। তাদের ফিরতে দেরি দেখে আমরা খুঁজতে বের হই। পরে বাড়ির পাশের বাগানে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পানিতে আমার স্বামী ও নাতির লাশ ভেসে থাকতে দেখি।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলে বাবু গুলিস্তানের বঙ্গবাজারে ব্যবসা করত। সম্প্রতি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার ছেলে নিঃস্ব হয়ে বিদেশে চলে গেছে।’
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে নাতি ওমরকে নিয়ে হাঁটতে বের হন সফিউল্যাহ। কিন্তু দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়। পরবর্তীতে নুনিয়াপাড়া গ্রামের মাদারবাড়ির বাগানের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে মৃত অবস্থায় দাদা-নাতিকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।’
