‘জোটবদ্ধ হয়েই নির্বাচন করবে ১৪ দল’

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:০৪

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রতিপক্ষ জোট থাকুক আর না থাকুক, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ওবায়দুল কাদের কী বলেছেন, সেটা তিনিই ভালো জানেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। এছাড়াও ওই চিঠিতে বলা আছে, প্রয়োজন হলে আওয়ামী লীগের প্রতীক নৌকা শরিকদলের প্রার্থীরা ব্যবহার করতে পারবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

তিনি বলেন, বিএনপি-জামায়াত এখনো নাশকতা চালিয়ে যাচ্ছে তাই বাংলাদেশে রাজনীতি এখনো নিরাপদ নয়। সেই কারণে এখনো জোটের দরকার আছে। আমরা এখন পর্যন্ত জোটবদ্ধভাবে খুব শক্তিশালী অবস্থান নিয়ে নির্বাচনের মাঠে আছি।

জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন বলে জানান ইনু।

ইত্তেফাক/এবি