আজ ঢাকায় আসছে ইইউর বিশেষজ্ঞ দল

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১১:১৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি কারিগরি বিশেষজ্ঞ দল। বিশেষজ্ঞ এই দলটির চার সদস্য বুধবার ঢাকায় পৌঁছানোর কথা। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী রোববার থেকে প্রতিনিধি দলটি বাংলাদেশে তাদের দুই মাসের মিশন শুরু করবে। আগামী রোববার প্রথমে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। ঢাকার ইইউ দূতাবাস প্রধান চার্লস হোয়াইটলি জানান, বিশেষজ্ঞ দল বাংলাদেশে থাকাকালে স্বাধীনভাবে কাজ করবে।

বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এর আগে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট। চিঠিতে ইইউ জানিয়েছিল, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই। তাই বাংলাদেশে তারা নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। সেই চিঠিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার বিষয়টিও উল্লেখ করেছিল ইইউ।

গত ১৬ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসিতে আরও কিছু পর্যবেক্ষক দল আবেদন করেছে বলে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কিত কোনো তালিকা নেই।

তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচন দেখতে বিভিন্ন সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ইতিমধ্যে আবেদন জানিয়েছে। এ ছাড়া, ৩৪ দেশ ও চারটি সংস্থার ১১৪ জন পর্যবেক্ষককে ভোট দেখতে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

ইত্তেফাক/এএম