আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লিটন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২০:৩৮

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর-ই-আলম চৌধুরী লিটন। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর-১ (শিবচর) আসনে সহকারী রিটার্নি অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলামের কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় নুর-ই-আলম চৌধুরীর সঙ্গে মনোনয়নপত্রের উল্লেখিত প্রস্তাবক ও সর্মথকরা উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে দত্তপাড়া তার পিতা সাবেক সাংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে বাহাদুরপুরে হাজী শরিয়তউল্লাহর আস্তানায় পীর মঞ্জিলের কবর। সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদারের কবর জিয়ারত করেন। 

এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো সেলিমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, নির্বাচনে অংশগ্রহনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছেন। এর আগেও আমি ছয় বার এমপি ছিলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে সারা বাংলাদেশে যেমন উন্নয়ন হয়েছে, শিবচরেও তেমন উন্নয়ন হয়েছে। এখনো আমাদের অনেক কাজ চলমান আছে। ইনশাল্লাহ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী আবারও ক্ষমতায় আসবে। আমার বিশ্বাস শিবচরের জনগণের আমার উপর আস্থা আছে, শিবচরের জনগণ আমাকে ভালবাসে। তারা যখনি সুযোগ পেয়েছে আমাদেরকে ভোট দিয়েছে। সকল ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দল শিবচর আওয়ামী লীগ অনেক শক্তিশালী সংগঠন। এই সংগঠনকে নিয়ে নির্বাচন আচরণবিধি মেনে আমি একটি সুষ্ঠ নির্বাচন করতে পারবো এটাই আমার প্রত্যাশা।

দলীয় নেতাকর্মীদের নির্বাচনে আচরন বিধি মানতে কঠোর নির্দেশনার আহ্বান জানিয়ে চিফ হুইপ আরও বলেন, অবশ্যই সকলকে নির্বাচন আচরণবিধি মানতে হবে। আমরা একটি সুষ্ঠ ও ভালো নির্বাচন চাই। 

 

ইত্তেফাক/পিও