মুন্সীগঞ্জে বৃদ্ধাকে হত্যা, আসামির যাবজ্জীবন

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০২:০০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পালগাঁও গ্রামে আবেদা খাতুন নামে এক বৃদ্ধাকে হত্যায় আল আমিন মল্লিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়ার্দী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ আগস্ট লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের মৃত রুস্তম হাওলাদারের ছেলে মামলার বাদী ফরহাদ হাওলাদার ঈদের ছুটিতে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। ফরহাদ তার মাকে বাড়িতে না পেয়ে তার ছেলে মিজানুর ও স্ত্রীকে খুঁজতে পাঠান। স্ত্রী আসামি আল আমিন মল্লিককে তাদের বাড়ির পিছনে বসে থাকতে দেখে। তাকে দেখে আল আমিন দ্রুত পালিয়ে যায়। পরে ফরহাদ তার মাকে অনেক খোঁজাখুঁজির পরে তাদের বসতঘরের পিছনের ধানখেতে পানির মধ্যে তার মাকে মৃত অবস্থায় দেখতে পান।  তার মা স্বাভাবিকভাবে মারা গেছেন ভেবে দাফন শেষে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলে তাদের বসত বাড়িতে আসামি আল আমিনের এক জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখেন ফরহাদ।

একই বছরের ১৬ আগস্ট সকাল ১০টার দিকে গ্রামের লোকজনসহ ফরহাদ আসামি আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আল আমিন  জানায়, নিহত আবেদা খাতুনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় তিনি বাধা দেওয়ায় তাকে দেওয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। আল আমিন একই গ্রামের মৃত রাজ্জাক মল্লিকের ছেলে।

ইত্তেফাক/এমএএম