মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামসহ বাগেরহাটের সাতজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর)।
গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রায়ের জন্য আজকের দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাত আসামি হলেন- খান আকরাম হোসেন (৬০), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২), মো. মকবুল মোল্লা (৭৯) কারাবন্দি। পলাতক রয়েছেন- খান আশরাফ আলী (৬৫), রুস্তম আলী মোল্লা (৭০), শেখ ইদ্রিস আলী (৬১) ও শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪)।
আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়। ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয়। পরে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।
রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা হবে এমনটি প্রত্যাশা করে প্রসিকিউটর রেজিয়া সুলতানা বলেন, আসামিদের বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি, আশা করি তাদের সর্বোচ্চ সাজা হবে।
