ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার অবস্থান ছিল ১২ তম। আর একিউআই স্কোর ছিল ১৬৮।
একই সময়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় বিশ্বের শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি, যার স্কোর ৩৮২। পাকিস্থানের করাচি ২৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে।
বায়ুদূষণের এই পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। এই প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট শহরের বাতাস কততুকু নির্মল বা দূষিত তা পর্যবেক্ষণ করে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আজ ঢাকার বাতাসে যতটা বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৬ গুণের বেশি। বাতাসের এ অবস্থা থাকায় সবার জন্য পরামর্শ, আজ বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ দিনদিন আরও ভয়ংকর হয়ে উঠছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি মানুষের জীবন। শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
