নিউজিল্যান্ডকে চাপে রেখে চা বিরতিতে বাংলাদেশ 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৪:২৩

সিলেট টেস্টে বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরতেই চাপে পড়েছে কিউইরা। নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়ে চা পান বিরতিতে গেছে বাংলাদেশ। 

৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই কিউই ওপেনার টম লাথামকে আউট করে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই কিউই ওপেনার।

এরপর ক্রিজে আসা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে। তবে দলীয় ১৯ রানে উইলিয়ামসনকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ২৪ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান উইলিয়ামসন।

এরপর দলীয় ৩০ রানে ৮ বলে ২ রান করে আউট হন হেনরি নিকোলাস। তাকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় নিউজিল্যান্ড। জয়ের জন্য প্রয়োজন ২৯৫ রান। 

ইত্তেফাক/জেডএইচ