মহানগরের পাঁচ আসনে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০৬

ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে ৫টি আসনে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ১৫টি আসনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন।

আজ সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। মনোনয়ন ফরম জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে। সকাল ৯টায় এ কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত মোট ১৫টি আসনের মনোনয়ন আজ যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত তথ্যমতে, এরমধ্যে ঢাকা-৪ থেকে ঢাকা–৮ পাঁচটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তাঁদের প্রার্থিতাসহ ৫০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ২৪ জনের মনোনয়নপত্র।

৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। আর মনোনয়নপত্র বাছাইয়ের সময়কাল ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

ইত্তেফাক/এএম