রাজবাড়ীর কালুখালী উপজেলা জংশনে অদুরে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। তাদের একজন ভ্যানচালক ও অন্যজন যাত্রী। আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার সূর্যদিয়া রেল ক্রসিং এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন সূর্যদিয়া রেল ক্রসিংয়ে পৌঁছালে ভ্যানচালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের খয়ের খাঁ। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ সোমনাথ বসু বলেন, সূর্যদিয়া রেল ক্রসিংয়ে ট্রেন পৌঁছালে ভ্যানচালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। খবর পাওয়া মাত্রই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
