মহিলা অঙ্গন প্রতিবেদক
সচেতনতাই পারে নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন নিপীড়ন প্রতিরোধ করতে। এক্ষেত্রে শুধু নারীরা সচেতন হলেই চলবে না, নারীর পাশাপাশি পুরুষকেও সচেতন হতে হবে এবং পাশে দাঁড়াতে হবে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘উত্ত্যক্তকরণ, যৌন নিপীড়ন প্রতিরোধে মহামান্য হাইকোর্ট বিভাগের রায় বাস্তবায়ন’ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, ‘সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে নারী-পুরুষ সবাইকে জাগতে হবে। সজাগ হবে, শুনতে হবে এবং পড়তে হবে। নিজের ভেতর প্রতিবাদ করার মানসিকতা সৃষ্টি করতে হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধের জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে এবং সবাইকে ঘুরে দাঁড়াতে হবে।’ ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম বলেন, ‘যৌন নিপীড়ন প্রতিরোধ একটি সামাজিক আন্দোলন। চিন্তা-চেতনায় সকলকে নারী-পুরুষের ভেদাভেদ ভুলে ‘মানুষ’ হতে হবে। মনোজগেক বদলে দেয়ার মাধ্যমে যৌন নিপীড়ন মুক্ত সমাজ গড়ে তুলতে হবে।’
