রাজধানীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ১ এপিবিএন। ওই ২ আসামি হলেন- মো. রাসেল মিয়া ও মো. নাজমুল ওরফে নাজু।
সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইনসহ এই ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরেক আসামি মো. আরিফ হোসেন পলাতক রয়েছেন।
সূত্র জানায়, এর আগে ডিএমপির বিভিন্ন থানায় মো. রাসেল মিয়ার বিরুদ্ধে আটটি ও পলাতক আসামি মো. আরিফ হোসেনের বিরুদ্ধে ২১টি মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানান, দীর্ঘদিন ধরে তারা হেরোইনসহ অন্যান্য মাদক দ্রব্য ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। মোহাম্মদপুর থানায় মামলা রুজুর পর গ্রেপ্তার হওয়া ২ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
