৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৪:১০

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় যে কোনো রকমের দুর্ঘটনা এড়াতে সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে দিক হারিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি।

জানা যায়, শনিবার সন্ধার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টার পর কুয়াশার চাদরে ঢেকে যায় নৌপথ। এতে করে দুর্ঘটনা এড়াতে রাত ১টা দিকে নৌপথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, রাতের দিকে ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপদ্মায় আটকে পড়ে ৩ টি ফেরি। সকাল হলে আটকে পড়া ফেরিগুলো ধীরে ধীরে গন্তব্যে চলে আসে। হঠাৎ করে ফেরি সার্ভিস বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় আটকে পড়ে। তবে এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাওয়ায় দ্রুত সময়ের মধ্যে আটকে পড়া যানবাহনগুলো নদী পারাপার করা হবে।

ইত্তেফাক/পিও