ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের তিনজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, অন্য দুইজন সদস্য হলেন, মো. রাফিউল আলম রাঙ্গা ও নিরব হোসেন।
ভুক্তভোগী তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ পাভেল, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনমি রহমান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের তৃতীয় বর্ষ এবং জহুরুল হক হলের শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন নূর উদ্দিন আহমেদ এবং আব্দুল্লাহ আল মুনতাসীর শুভ। তার উভয়েই হলের শীর্ষ পদ প্রত্যাশী।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, গত কয়েকদিন যাবত নূর উদ্দিন ও মুনতাসীর শুভ কর্তৃক অমানুষিক নির্যাতনের শিকার হই। বুধবার রাত ১টার দিকে বাইক স্ট্যান্ডে আমাদের আলোচনার জন্য ডেকে নিয়ে যায়, কিন্তু কোনোরকম কথাবার্তা ছাড়া বেপরোয়াভাবে আমাদের উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। যার ফলশ্রুতিতে আমরা শারীরিকভাবে আঘাত পাই।
এ বিষয়ে অভিযুক্ত নুর উদ্দিন বলেন, এটা মিথ্যা ও বানোয়াট কথা। আমরা তাদের কাউকে মারিনি বা গায়ে হাত তুলিনি। তারা তাদের ইমিডিয়েট এক সিনিয়রকে মারতে উদ্যত হয়েছিল। বিষয়টি জানার পর তাদেরকে জাস্ট একটু ধমক দেওয়া হয়েছে এবং সিনিয়রদের সরি বলতে বলা হয়েছে।
হল প্রাধ্যক্ষ ড. মো. আব্দুর রহিম বলেন, এ ঘটনা জানার পরেই আমি তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছি। খুব দ্রুত তারা তদন্ত করে এর কারণ উদঘাটন করবেন। তদন্ত রিপোর্ট পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

যবিপ্রবির ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
ইবির আবাসিক হলে উচ্চশব্দে গান-বাজনা নিষিদ্ধ