গ্রেপ্তারের পর রিহ্যাবে আদম তমিজী

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৬:১১

মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সংস্থাটি বলছে, সেখানে পুলিশের তত্ত্বাবধানে আছেন তিনি। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। মানসিকভাবে ঠিক থাকলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এসব কথা বলেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি প্রধান বলেন, যদি চিকিৎসকেরা বলেন মানসিক ভারসাম্যহীন, তাহলে কিছু করার নেই। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি করে থাকেন, তাহলে এর পেছনে আরও কেউ আছে কি না, সেটা তদন্ত করে বের করব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। রাজধানীর দক্ষিণখান থানায় মামলাটি করেছেন আনিছুর রহমান নাঈম নামে এক ব্যক্তি। এছাড়া সম্প্রতি গ্রেপ্তার হওয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক। ২০২০ সালে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যও ছিলেন তিনি।

গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে এসে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। এ ঘটনায় তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। 

সবশেষ গত ১৩ নভেম্বর এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরেন আদম তমিজী। সে সময় এক ফেসবুক পোস্টে জানান, হক গ্রুপ এবং শ্রমিক-কর্মীদের রক্ষায় দেশে ফিরেছেন তিনি। এরপর গত ১৫ নভেম্বর তার গুলশানের বাসায় অভিযান চালায় র‌্যাব। সে সময় র‌্যাব জানায়, তমিজীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি