জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বন্ধু পরিচয়ে প্রতারণার অভিযোগে আশরাফুল ওমর উজ্জ্বল নামের একজনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাস কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন বিচারক।
রোববার (১০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় ঘোষণা করেন।
জানা যায়, আসামি আশরাফুল ওমর উজ্জ্বল ভাটারা থানা এলাকায় বাদীর জাপান মটরসের শোরুমে গাড়ি কিনতে আসেন। তখন তিনি নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত একজন খেলোয়াড় ও সাবেক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে পরিচয় দেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও মোহাম্মদ আশরাফুলের ছোট ভাই এবং জাতীয় দলের বর্তমান ক্রিকেটার মুশফিকুর রহিমের বন্ধু বলে পরিচয় দেন। বর্তমান ক্রিকেটারদের অনেকের সঙ্গে তার সখ্যতা রয়েছে বলেও জানান।
বিভিন্ন ক্রিকেটার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিজের তোলা ছবি দেখিয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে বিশ্বাস স্থাপন করান। এরপর বাদী সরল বিশ্বাসে দুই দফায় তাকে এক লাখ টাকা দেয়। পরে পাওনা টাকা চাইলে টাকা ফেরত না দিয়ে তিনি বিভিন্ন টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে বাদী জানতে পারেন আশরাফুল ও অপির পরিচয়ে যাদের সঙ্গে ম্যাসেঞ্জারে যোগাযোগ করিয়ে দেন তারা কেউই আশরাফুল বা অপি নন। বরং অন্য কাউকে আশরাফুল ও অপি সাজিয়ে আসামি প্রতারণা করেন।
এ অভিযোগে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর মেহেদী ইমাম বাদী হয়ে এ মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১৩ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
