এমপি হোস্টেলে বসছেন ১৪ দলের নেতারা

যেসব আসন ছাড়তে পারে আওয়ামী লীগ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২০:৪৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের নেতারা রাতে বৈঠকে বসবেন। রোববার (১০ ডিসেম্বর) রাত ৮টায় সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেলে(সংসদ সদস্য ভবন) এ বৈঠক হবে বলে জানা গেছে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু।

১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু।

এ বিষয়ে জানতে চাইলে ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার গণমাধ্যমকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন নিয়ে আলোচনা করতে আমরা রাতে বৈঠকে বসবো।

বর্তমান সংসদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ৮ জন সংসদ সদস্য রয়েছেন। এবার আসন ছাড়ের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো।

এদিকে জোট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল থেকে এবার রাশেদ খান মেনন (ওয়ার্কার্স পার্টি) বরিশাল-২, হাসানুল হক ইনু (জাসদ) কুষ্টিয়া-২, আনোয়ার হোসেন মঞ্জু (জাতীয় পার্টি- জেপি) পিরোজপুর-২, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি (তরিকত ফেডারেশন) চট্টগ্রাম-২, ফজলে হোসেন বাদশা (ওয়ার্কার্স পার্টি) রাজশাহী-২, দিলীপ বড়ুয়া (বাংলাদেশের সাম্যবাদী দল) চট্টগ্রাম থেকে এবং শিরীন আখতার (জাসদ) ফেনী থেকে নির্বাচন করতে পারেন। তবে এসব আসনে আওয়ামী লীগ ছাড় দিতে পারে বলে গুঞ্জন রয়েছে। 

এর আগে গত ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৬টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে জোটগত নির্বাচনের সিদ্ধান্ত হলেও শরিকদের সঙ্গে আসন বণ্টন বা সমঝোতা হয়নি। বিষয়টি দেখতে জোটের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়।

৫ ডিসেম্বর রাতে আমুর বাসায় বৈঠক করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে দল দুটির সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা। বৈঠকে আসন ছাড়ের পক্ষে নানা যুক্তি তুলে ধরে জোটের সমন্বয়ককে বোঝানোর চেষ্টা করেন তারা। বিষয়টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানাবেন এবং ওবায়দুল কাদের তা শেখ হাসিনাকে জানাবেন বলে জানিয়েছেন আমু।

আওয়ামী লীগ ছাড়া ১৪ দলের বর্তমান শরিক দলগুলো হলো-বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল (এমএল), তরিকত ফেডারেশন, কমিউনিস্ট কেন্দ্র, ন্যাপ (মোজাফফর), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ, রেজাউর), জাতীয় পার্টি (জেপি, মঞ্জু), গণতান্ত্রিক মজদুর পার্টি এবং গণ-আজাদী লীগ।

ইত্তেফাক/এনএ