অভিযানের পর পটুয়াখালীতে কমলো পেঁয়াজের দাম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৪:২২

পটুয়াখালীর কলাপাড়া ও মহিপুরে আলাদা অভিযান চালিয়ে ৬ পেঁয়াজ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কলাপাড়ার ফুটপাত দখল ও গ্যাসের দাম বেশি রাখায় আরও ৭ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১০ ডিসেম্বর) রাত নয়টার দিকে কলাপাড়া পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এবং মহিপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

এসময় দাম কমিয়ে ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির ঘোষণা দিলে বাজারে ক্রেতাদের হিড়িক পরে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, পিঁয়াজের বাজারে অভিযানের সময় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় মহিপুরের ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার ও কলাপাড়ার ফুটপাত দখল করায় ৪ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এএম