নওগাঁর ধামুইরহাটের জাহানপুর ইউনিয়নের পাঁচটি গ্রামে বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনকে টাকা দিয়ে এক বছরেও বিদ্যুতের সংযোগ পায়নি ওই পাঁচটি গ্রামের মানুষ। এ ঘটনায় ভুক্তভোগীরা গত শনিবার (২৯ জুন) নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ গ্রামের বাসিন্দা এবং ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ভুক্তভোগীরা জানান, উপজেলার বেগুনবাড়ী পাহানপাড়া, শিংপাড়া, মিরপাড়া ও নানাইচ গ্রামের প্রায় দুইশ পরিবারের কাছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে এক বছর আগে দুই হাজার পাঁচশ টাকা করে নিয়েছেন মোয়াজ্জেম। বছর পেরিয়ে গেলেও তারা বিদ্যুৎ পাননি।
বেগুনবাড়ী পাহানপাড়া গ্রামের বাসিন্দা মতিশ পাহান, রনজিৎ, ভাসানী, মানিক পাহান বলেন, গ্রামের ৫০ পরিবার এক বছর আগে থেকে চেষ্টা করছেন। তখন দালাল মোয়াজ্জেম টাকার বিনিময়ে সংযোগ দেওয়ার কথা বলেন। কয়েক দিনের মধ্যে বিদ্যুতের খুঁটি দেখিয়ে মোয়াজ্জেম একশ পরিবারের কাছ থেকে মোট দুই টাকা লাখ হাতিয়ে নেন।
আরও পড়ুন: গৃহপরিচারিকাকে ধর্ষণ চেষ্টা, মাদরাসা সুপার গ্রেফতার
একই অভিযোগ নানাইচ গ্রামের শহিদুল ইসলাম, মিরপাড়া গ্রামের উৎপল, গিলবার্ট, গোপালের। এদের কারও কাছে তিন হাজার আবারও কারও কাছে আড়াই হাজার টাকা নিয়েছেন মোয়াজ্জেম।
মোবাইলে কথা হয় মোয়াজ্জেম হোসেনের সঙ্গে। তিনি বিদ্যুৎ সংযোগ দেওয়া জন্য টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, অফিস খরচ বাবদ কিছু টাকা নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হবে। অফিসের কে টাকা নিয়েছেন? এমন প্রশ্নে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ ব্যাপারে জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী বলেন, ভুক্তভোগীদের অভিযোগ সত্য। তিনি অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ধামইরহাট সাব অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) হানিফ রেজা বলেন, পল্লী বিদ্যুতের সংযোগ পেতে কোনো টাকা লাগে না। তারপরও কেউ যদি টাকা নিয়ে থাকে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জনগণকে আগে থেকে সচেতন করা হয়েছে।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ পত্নীতলা অফিসের জিএম নূরুল ইসলাম বলেন, আমরা বিদ্যুৎ সংযোগ দিতে দালাল বা নেতা-কর্মীদের টাকা না দেওয়ার জন্য নিয়মিত প্রচারণা চালাচ্ছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/অনি
