সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের উপর ক্ষুব্ধ গাভাস্কার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:০০

ডারবানে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। ডারবানের কিংসমিডে টসই অনুষ্ঠিত হতে পারে নি প্রথম ম্যাচের। সিরিজেন আরও দুইটি ম্যাচ বাকি রয়েছে।

আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের সূচি অনুযায়ী মাত্র ছয়টি করে আন্তর্জাতিক ম্যাচ খেলবে দুই দল। এই জন্যই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের উপর ক্ষুব্ধ গাভাস্কার।

তাঁর মতে, বৃষ্টির সময় যথাযথ ব্যবস্থা নিলে খেলা হয়তো চালানো যেত। আর তাই সিএসএকে খোঁচা মেরে গাভাস্কার বলেছেন, ওদের হয়তো বিসিসিআইয়ের মতো অত টাকা নেই।

দক্ষিণ আফ্রিকায় থাকা দক্ষিণ এশিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ থাকেন ডারবানে। এক মাস আগেই এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু বৃষ্টি ম্যাচের টসই হতে দেয়নি। খেলা শুরুর নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৫০ মিনিট পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

স্টার স্পোর্টসে ধারাভাষ্যে তিনি বলেন, ‘মাঠ যদি এভাবে ঢাকা না থাকে, বৃষ্টি বন্ধ হলেও পরের এক ঘণ্টায় ম্যাচ শুরু করা যাবে না। হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হলো। খেলাও আর হলো না। সব ক্রিকেট বোর্ডই তো প্রচুর টাকা পায়। যদি বলে পায় না, তাহলে মিথ্যা বলা হবে। ওদের হয়তো বিসিসিআইয়ের মতো টাকা নেই। কিন্তু সব বোর্ডই পুরো মাঠ ঢাকতে কাভার কেনার জন্য টাকা পায়।’

ইত্তেফাক/এএম/এমএস