নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে জেলার নির্বাচন অনুসন্ধান কমিটি। সোমবার দুপুরে নওগাঁ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের সহকারী জজ ইফতেখার শাহরিয়ার তাকে এ নোটিশ পাঠান। নোটিশে তাকে ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় নির্বাচনী তদন্ত কমিটি নওগাঁ-১-এর অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এতে বলা হয়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে পোরশা উপজেলার সারাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে খালেকুজ্জামান নামে এক ব্যক্তি অভিযোগ করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাধন চন্দ্র মজুমদারকে ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে উপস্থিত থেকে বক্তব্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১২ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচার চালানোর সুযোগ নেই।
