সেনাবাহিনী প্রধানের কাতার সফর

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৮:০২

সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কাতারের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানা'র আমন্ত্রণে সরকারি সফরে আজ কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সফরকালে তিনি ১৩-১৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠান অবলোকন করবেন। ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এ সেনাবাহিনী প্রধানের উপস্থিতি অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

এই সফরে সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আল নাবিত'র সঙ্গেও বৈঠক করবেন। এই দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক বাস্তবায়নে এবং দুদেশের মধ্যকার পারস্পরিক সামরিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। এছাড়াও, তিনি দোহাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত ‘বিজয় দিবস মেলা’ উদ্বোধন করবেন এবং স্থানীয় বাংলাদেশীদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

সফরশেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৫ ডিসেম্বর কাতার থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

ইত্তেফাক/এআই