চলতি বছর ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে চুক্তির মেয়াদ শেষ হয় বাংলাদেশ দলের ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরের। ছয় বছরের বেশি সময় বিসিবির সঙ্গে কাজ করেছেন ভারতীয় ঐ অ্যানালিস্ট। তবে এখন পর্যন্ত তার জায়গায় এখনো কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। তবে সাময়িকভাবে বিভিন্ন জনকে দায়িত্ব দিচ্ছে বোর্ড।
যেমন ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলের হয়ে অন্তর্বর্তী দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার নাসির আহমেদ। আর ঐ সিরিজ দিয়েই শেষ হয়েছে তার দায়িত্ব। এবার নতুন করে অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে মহসিন শেখকে। সাময়িক চুক্তিতে তাকে নিউজিল্যান্ড সফরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দায়িত্ব দিয়েছে বিসিবি।
মহসিনকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল গণমাধ্যমে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘মহসিন আমাদের সঙ্গে এই দুই সিরিজে কাজ করবে। দল থেকে ওকে চাচ্ছিল। ও তো অস্ট্রেলিয়ান নাগরিক। এরই মধ্যে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছে।’ এসময় এই সফরে তার কাজ পছন্দ হবে স্থায়ী চুক্তিতে যাবে বিসিবি এমনটি জানিয়ে তিনি বলেন, ‘মহসিনের সঙ্গে আমাদের এখন এই দুই সিরিজের জন্যই চুক্তি। আমরা দেখব সে কেমন কাজ করে। তার ব্যাপারে দলের ভাবনাও জানা হবে সিরিজ শেষে। এরপর কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নয়তো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে স্থায়ী কাউকে নেব আমরা।’
অ্যানালিস্ট হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা মহসিনের। ২০০৩-২০০৪ মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বয়সভিত্তিক দল দিয়ে কাজ শুরু করেন তিনি। বাংলাদেশ দলের সঙ্গে এবারই প্রথম কাজ করবেন মহসিন। যদিও বাংলাদেশে এর আগেও তিনি কাজ করেছেন। বিপিএলের গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অ্যানালিস্ট ছিলেন তিনি। তবে সবশেষ তিনি কাজ করেছেন আফগানিস্তানের হয়ে। গত এশিয়া কাপে তিনি অ্যানালিস্ট হিসেবে ছিলেন রশিদ-নবী-মুজিবদের সঙ্গে।
