ইসি ঘোষিত তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পার হয়েছে ১১ দিন আগে। এর মধ্যে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াও শেষ হয়েছে।
তবে ১১ দিন পর হাইকোর্টের দেওয়া এক আদেশের প্রেক্ষিতে কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন রির্টানিং কর্মকর্তা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে এই মনোনয়নপত্রটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
তিনি জানান, হাইকোর্টের আদেশের কপিটি হাতে পাওয়ার পর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। এটি আগামী ১৫ ডিসেম্বর যাচাই-বাছাই করা হবে।
জেলা প্রশাসনের একটি সূত্র বলছে, গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ব্যারিস্টার মিজান সাঈদ মনোনয়নপত্র দাখিলের পর এসেছিলেন। কিন্তু কর্মদিবস শেষ হয়ে যাওয়ায় (বিকেল পাঁচটা) বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলের আপত্তির পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্রটি নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে হাইকোর্টে যান ব্যারিস্টার মিজান সাঈদ। হাইকোর্ট মনোনয়নপত্র গ্রহণের আদেশ দেন।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার মিজান সাঈদ। এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ছয়জন। যাচাই-বাছাইকালে চারজনের বৈধ হলেও অন্য দুজনের বাতিল করা হয়েছে।
